
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৫৮ পি.এম
কুষ্টিয়ার মিরপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৩০, এলাকায় উত্তেজনা

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকেই মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ পাওয়ার জন্য ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় বিএনপি নেতা নাম জমা দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রোববার বিকেলে বিষয়টি নিয়ে মিমাংসার জন্য জামায়াত পক্ষ একটি সভার আয়োজন করে। তবে অভিযোগ রয়েছে, ওই সভায় বিএনপি নেতা নাসির উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। জামায়াতের দাবি, পরিকল্পিত এ হামলায় তাদের অন্তত ৪০-৫০ জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, স্থানীয় বিএনপির পক্ষ থেকেও সংঘর্ষে নিজেদের কর্মীদের আহত হওয়ার দাবি করা হয়েছে। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, "ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় যেকোনো ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত