
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, একটি মহল পদবঞ্চিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে দলকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, "যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা যদি তা প্রমাণ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি জানান, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও তাকে (প্রকৌশলী জাকির হোসেন সরকার) সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি গঠন করে। দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। ইতোমধ্যে জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, "আমাদের কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়নি। এতে বিএনপির প্রতি মানুষের আস্থা বেড়েছে। আমরা জনস্বার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি, যার মধ্যে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল চালুর উদ্যোগ অন্যতম। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।"
তিনি অভিযোগ করেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম যখন সুসংগঠিত হচ্ছে, তখন এক সময়ের বিতর্কিত ব্যক্তিরা স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত