হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন সূত্র জানায়, ২০২৪ সালে মহাসড়ক দুর্ঘটনায় মোট ২২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে পুরুষ ছিলেন ১৯২ জন, নারী ৩২ জন এবং শিশু ১ জন।
পরের বছর ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫১ জনে। নিহতদের মধ্যে ২০০ জন পুরুষ, ৪৪ জন নারী এবং ৮ জন শিশু। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রাণহানি বেড়েছে ২৫ জন, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়।
তবে, দুর্ঘটনা কমলেও মামলা বেড়েছে পরিসংখ্যানে দেখা যায়,২০২৪ সালে খুলনা রিজিয়নে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ২২২টি। এসব ঘটনায় দায়ের হয় ২৭৬টি মামলা।
অন্যদিকে ২০২৫ সালে দুর্ঘটনার সংখ্যা সামান্য কমে ২২০টিতে নেমে এলেও মামলা বেড়ে দাঁড়ায় ৩৭৪টিতে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্ঘটনার তীব্রতা বৃদ্ধি এবং আইনি জটিলতার কারণেই মামলার সংখ্যা বেড়েছে।
দুই বছরেই জানুয়ারি, মার্চ, জুন ও ডিসেম্বর মাসে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। ঈদ উপলক্ষে অতিরিক্ত যানচলাচল, শীতকালে কুয়াশা এবং মহাসড়কে চাপ বৃদ্ধি এই সময়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হাইওয়ে পুলিশ ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে,অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন এবং চালকদের অসচেতনতা—এই কারণগুলো দুই বছরেই দুর্ঘটনার পেছনে প্রধান ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞদের অভিমত, শুধু অভিযান ও মামলা বাড়িয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। চালকদের মানসম্মত প্রশিক্ষণ, যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং ব্যাপক জনসচেতনতা কার্যক্রম জোরদার না করলে মহাসড়কে প্রাণহানি কমানো কঠিন হবে।