
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৩:৪৯ পি.এম
গড়াই নদের বালুঘাটে মুখোশধারীদের গুলিবর্ষণ, আহত ১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া বালুঘাটে মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তির হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে বালুঘাটে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ ব্যক্তি সবুজ আলী (৪২) বালুঘাটের ইজারাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি কুষ্টিয়া পৌর এলাকার বাসিন্দা শহিদুল বিশ্বাসের ছেলে। ঘটনার পরপরই তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ১০ থেকে ১২ জন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি বালুঘাটে প্রবেশ করে। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আসার পরপরই তাঁরা সবুজ আলীর পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন এবং ঘরের ভেতর ঢুকে টাকা নিয়ে চলে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, মুখোশধারীরা বালুঘাটে এসে গুলি ছুড়ছেন। তারা একটি অস্থায়ী ঘরে প্রবেশ করেন এবং শ্রমিকরা আতঙ্কে পালিয়ে যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “বালুঘাটে মুখোশধারীদের গুলিতে একজন আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।”
বালুঘাটের ইজারাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড থেকে পাঁচ কোটি টাকার বেশি মূল্যে গড়াই নদে খনন করা বালুর স্তূপ অপসারণের জন্য ইজারা নেওয়া হয়। জানুয়ারি থেকে কাজ শুরু হলেও সাম্প্রতিক সময়ে বালুঘাটে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন, “কয়েক মাস ধরে বালুঘাটে চরমপন্থী সংগঠনের অস্ত্রধারীরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কয়েকদিন আগেও পাউবো কার্যালয়ের সামনে ও খোকসা জিলাপিতলা বালুঘাটে গুলি ছোড়া হয়েছিল। পুরো গড়াই নদীর কুষ্টিয়া অংশে চরমপন্থীদের দৌরাত্ম্য বেড়ে গেছে।”
এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত