
নাগরিকভাবনা ডেস্ক: সারাদেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা চলমান গরমে স্বস্তি এনে দেবে। তবে তাপপ্রবাহ পুরোপুরি কমছে না বলেও জানানো হয়েছে। বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ২৭ ও ২৮ এপ্রিল বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী পাঁচ দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত