
স্টাফ রিপোর্টার :: পিরোজপুরের কৃতি সন্তান, গরিবের ডাক্তার হিসেবে সর্বত্র সুপরিচিত ডা. মোস্তাফিজুর রহমান শাহাজাহান (৮৬) আর নেই। ২৩ নভেম্বর (রবিবার) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কন্যা, এক পুত্র, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। ডা. শাহাজাহানের পৈত্রিক নিবাস পিরোজপুরের পূর্ব ভাণ্ডারিয়ায় হলেও তাঁর জন্ম জেলা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সিআই পাড়া এলাকায়। চিকিৎসা শিক্ষার বিভিন্ন ধাপে তিনি যুক্তরাজ্যে ট্রপিক্যাল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় দায়িত্বশীল চিকিৎসা সেবা প্রদান করেন। দেশে ফিরে তিনি সরকারি চাকরির পাশাপাশি ঢাকার মোহাম্মদপুরে নিজস্ব ক্লিনিকে দীর্ঘদিন মানুষের চিকিৎসাসেবা দিয়ে সমাজে মানবিক চিকিৎসকের প্রতীক হয়ে ওঠেন। মানবিকতা ও সহমর্মিতায় তিনি ছিলেন অনন্য। মাত্র ১০০ টাকায় রোগী দেখার পাশাপাশি গরিব-অসহায় রোগীদের কাছ থেকে কখনোই ভিজিট নিতেন না; বরং প্রয়োজনে বিনামূল্যে ওষুধ দিয়ে সাহায্য করতেন। কোনো রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফোন করে নিজের নামে কমিশন না রাখার নির্দেশ দিতেন এবং পরীক্ষার খরচ কমানোর অনুরোধ করতেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন-যা তাঁর দেশপ্রেম ও মানবসেবার উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বাদ মাগরিব মোহাম্মদপুরের তাজমহল রোড সংলগ্ন নবোদয় স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়। ভান্ডারিয়া কল্যাণ সমিতি ঢাকা’র নির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তাফিজুর রহমান শাহাজাহানের জানাজায় বিভিন্ন স্তরের পেশাজীবী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা সভাপতি এবং পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ভান্ডারিয়া কল্যাণ সমিতি ঢাকার সভাপতি এম. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টিপু এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত