মোঃ মজনু মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর নাম রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ডিলার প্রত্যাশী মো. শাহিনুর ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে সার ও কীটনাশক ডিলার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে সার ও কীটনাশক ডিলার নিয়োগের জন্য তিনজনের নামের মধ্যে এ.টি.এম. সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
শাহিনুর ইসলাম অভিযোগ করেন, এ.টি.এম. সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে এবং ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপকভাবে কাজ করেছেন বলে দাবি করেন তিনি।
এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তির নাম সার ও কীটনাশক ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকায় কীভাবে এসেছে—এ নিয়ে প্রশ্ন তোলেন শাহিনুর ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা সার ও কীটনাশক ডিলার নিয়োগ কমিটির সভাপতির কাছে এ.টি.এম. সাখাওয়াত হোসেনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA