
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ১২:০৩ এ.এম
গুচ্ছে থাকা নিয়ে অনিশ্চয়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে চার দফা চিঠি পেয়েছে। তবে গুচ্ছ পদ্ধতিতে থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিগগিরই একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বান করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কুবির ৮৩তম জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ প্রসঙ্গে উপাচার্য বলেন, "আমরা এর আগের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত চারবার চিঠি এসেছে, যাতে এবারের মতো গুচ্ছেই থাকতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে আমরা সম্ভবত গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই একাডেমিক কাউন্সিলের বৈঠকে জানানো হবে।"
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত