
ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় ভোর বেলা ঝাড়ু দেওয়ার সময় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি রাস্তার পাশে থাকা একটি মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
ওই গৃহবধূর নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি স্থানীয় বিষু দাসের স্ত্রী। ঘটনাস্থলেই ‘মা স্টোর’ নামে তাঁদের মুদি দোকান রয়েছে।
মাত্র দেড় মিনিটে ছিনতাই
মঞ্জু রানী জানান,
প্রতিদিনের মতো দোকানের সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেলে দুইজন এসে দাঁড়ায়। সাথে সাথেই আমার কানের দুল ধরে টান দেয়। আমি বাধা দিতে গেলে পেছনের জন পিস্তল বের করে বলে — ‘চিৎকার করলে গুলি করে দেব।’ ভয়ে আমি নিজেই দুল খুলে তাদের হাতে দেই।”
তবে যেগুলো ছিনতাই করা হয়েছে, তা স্বর্ণ ভেবে নেওয়া হলেও আসলে ছিল ইমিটেশন গহনা।
মঞ্জুর স্বামী বিষু দাস বলেন,
সকালে ঘুম থেকে উঠেই সিসিটিভি ফুটেজ দেখি। সেখানে দেখা যায়, সকাল ৬টা ১০ মিনিটে মোটরসাইকেলে হেলমেট পরা দুই যুবক আসে। পেছনেরজন দুল ছিঁড়ে নেয়, আর সামনেরজন পিস্তল তাক করে ভয় দেখায়। এরপর আমার স্ত্রী নিজে হাতে অপর দুলটি খুলে দেয়।
তিনি আরও জানান, গত তিনদিনে অম্বিকাপুর বাদিয়াপাড়া ও শোভারামপুর ফুলতলা এলাকায় একই কায়দায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন,
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত