
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৪:৫৮ পি.এম
গোপালগঞ্জে চমক: আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির জয়
মো. আরিফ, গোপালগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় চমক দেখিয়েছে বিএনপি। জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ)। এ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ৬৯,৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পান ৫৪,৩২৯ ভোট। শুরু থেকেই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন সেলিমুজ্জামান।
গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ)। এ আসনে বিএনপির কেএম বাবর ধানের শীষ প্রতীকে ৪০,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পান ৩৩,০৩৯ ভোট। ভোট গণনায় শেষ পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে।
গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এসএম জিলানী ৬০,৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পান ৩৪,৩৩৯ ভোট। এ আসনটি বরাবরই আলোচনায় থাকলেও এবারের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষণ:
গোপালগঞ্জ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে বিএনপির এ জয় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা, ভোটার উপস্থিতি এবং নির্বাচনী কৌশল—এসব বিষয় ফলাফলে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
জেলার তিনটি আসনে বিএনপির একযোগে বিজয় আগামী সংসদে দলটির অবস্থান আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত