প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৬:০৫ পি.এম
গোয়ালন্দ মোড়ে বৃষ্টিতে জলাবদ্ধতা: চরম দুর্ভোগে পথচারী,চালক

রাজু আহমেদ, রাজবাড়ী: সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ীর ব্যস্ততম গোয়ালন্দ মোড় মহাসড়কের পাশে সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় রাজবাড়ী-কুষ্টিয়া ও ঢাকা-খুলনা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ মোড়টিতে দেখা দিচ্ছে কৃত্রিম বন্যা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী, ছোট যানবাহনের চালক এবং আশপাশের ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, একটু বৃষ্টি হলেই মহাসড়কের মোড় ও এর সংযোগ সড়কগুলোর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে যায়। অনেক জায়গায় ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর কিংবা পর্যাপ্ত না থাকায় বৃষ্টির পানি সহজে নামতে পারে না। জলাবদ্ধতার কারণে সড়ক পিচ্ছিল হয়ে ও গর্ত ডেকে গিয়ে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
ভোগান্তির কথা জানিয়ে কয়েকজন পথচারী ও ইজিবাইক চালক বলেন, “একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে একাকার হয়ে যায়। পানি জমে থাকার কারণে রাস্তার গর্ত বোঝা যায় না। ছোট যানবাহনগুলো উল্টে যাওয়ার ঝুঁকিতে থাকে। আর হেঁটে চলাচল করা তো প্রায় অসম্ভব হয়ে পড়ে।”
দীর্ঘদিনের এই সমস্যায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তাদের মতে, দোকানের সামনে পানি ও কাদা জমে থাকার কারণে গ্রাহকরা আসতে পারেন না। ফলে কেনাবেচা একপ্রকার বন্ধ হয়ে যায়। এছাড়া দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
ব্যবসায়ী ও সচেতন স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। মহাসড়কের পাশে আধুনিক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA