হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকায় প্রিয়া সিনেমা হলের মালিক নবী হোসেনের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসার ছয়টি কক্ষের মালামালসহ প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নবী হোসেনের ছেলে মাসুদ করিম জানান, বাথরুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসার অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তাদের সেমিপাকা বাসার ছয়টি কক্ষের আসবাবপত্র ও অন্যান্য মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিলপত্র, ব্যাংকের চেকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে তাদের পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নবী হোসেনের বাসার ১২টি কক্ষের মধ্যে ছয়টি কক্ষের মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি ছয়টি কক্ষ আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA