মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। জ্বালানি গ্যাসের দাম কমে গেলেও অনেক রুটে এখনো আগের বাড়তি ভাড়াই আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রয়োজনে চলাচলকারী মানুষ অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।
গত মাসে সিএনজির গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার পর চুনতি-আমিরাবাদসহ লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন রুটে জনপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়। সে সময় জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে অধিকাংশ যাত্রী অতিরিক্ত ভাড়া মেনে নিয়েছিলেন।
তবে বর্তমানে গ্যাসের দাম কমে প্রতি লিটার ৭০ টাকায় নেমে এলেও অধিকাংশ রুটে সেই বাড়তি ভাড়াই বহাল রয়েছে। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, জ্বালানির দাম বাড়লে যদি ভাড়া বাড়ানো হয়, তাহলে দাম কমার পর ভাড়া কেন সমন্বয় করা হচ্ছে না?
স্থানীয়দের মতে, জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করা হলে চালক ও যাত্রী উভয় পক্ষই উপকৃত হবেন। তারা মনে করেন, ন্যায্য ভাড়া নিশ্চিত হলে অপ্রয়োজনীয় বিরোধ কমবে এবং গণপরিবহনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে সিএনজি চালকদের ভাড়া পুনর্বিবেচনার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও সচেতন নাগরিকরা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA