
বগুড়ার আদমদীঘিতে মতিউর রহমান নামের এক আদম ব্যবসায়ীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার মুল আসামী সজিব হোসেন-সহ (২৫) অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘ এক মাসেও গ্রেপ্তার হয়নি। ফলে মামলার কার্যক্রম ঝিমিয়ে পড়ায় বাদি সুষ্ট বিচার পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে মামলাটি তুলে নিতে আসামীর পক্ষের লোকজন মামলার বাদি মতিউর রহমানকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বলে তিনি জানান। এদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল হক বলছেন আসামী গ্রেপ্তার তৎপরতা চলছে।
মামলা সুত্রে জানা যায়, নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হবিবর রহমানের ছেলে মতিউর রহমান অন্য ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কাজ করতো (আদম ব্যবসায়ী)। সে বেশ কিছু দেশে লোক পাঠিয়েছেন। সম্প্রতি আদমদীঘি উপজেলার তালশন গ্রামের হেলাল হোসেনের ছেলে সজিব হোসেনকে সৌদি আরবে পাঠানোর পর বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় বিষয়টি তার বাবাকে জানায়। এবিষয়কে কেন্দ্র করে তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে মতিউর রহমানকে নানা হুমকি দেয়।
গত ১৮ মে ঘটনার দিন মতিউর রহমান বগুড়া মাটিডালি তার মেয়ে মনিকার বাড়ি থেকে দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে এসে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে উঠে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন। ওই ট্রেনের বগিতে থাকা আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমনের নেতৃত্বে মাক্স পরিহিত ৬/৭ জন ব্যক্তি মতিউর রহমানের পিছু নেয়। আলতাফনগর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামার পর যাত্রী নেমে গেলে ওই ব্যক্তিরা মতিউর রহমানকে মোবাইল চোর আখ্যা দিয়ে বগিতেই মারধর ও টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। এরপর ট্রেনটি নসরতপুর স্টেনের প্লাটফরমে পৌঁছিলে ওই ব্যক্তিরা মতিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।
কিন্ত অলৌকিক ভাবে মতিউর রহমান আহত হলেও বেঁচে যান। সেই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড়ের সৃষ্টি হয়। এ ঘটনায় মতিউর রহমান নিজেই বাদি হয়ে ঘটনার একদিন পর আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৫) এর নাম উল্লেখসহ আরো আজ্ঞাত ৬/৭ জনের নামে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনামতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসামী গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত