
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী ডাঃ শহীদুল আহমেদ নয়নের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সভায় সভাপতি ডাঃ শহীদুল আহমেদ নয়ন স্বাগত বক্তব্যের পর হাসপাতালের ডাঃ প্রান্ত কুমার পাল হাম রুবেলা ক্যাম্পেইন এর উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তথ্যে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে চাটখিল উপজেলার সকল শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটি ক্লিনিকে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু এম আর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোন্নাফ, চাটখিল উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসাইন, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখা সভাপতি মনিরুল আলম চৌধুরী, পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, চাটখিল উপজেলার সকল শিশুরা যাতে টিকার আওতায় আসতে পারে সেজন্য সাংবাদিকরা পত্রিকায় রিপোর্টের মাধ্যমে, ইমামরা শুক্রবারে মসজিদে, শিক্ষকরা স্কুলে মা সমাবেশ করে সকল অবিভাবকদের শিশুদের টিকার গুরুত্ব জানানোর আহবান জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা সবাই সঠিক ভাবে দায়িত্ব পালন করলে সকল শিশু টিকার আওতায় আসবে ইনশাআল্লাহ। সভা পরিচালনা করেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত