
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৫৮ পি.এম
চারঘাটে র্যাবের অভিযান: ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২২৯ পিস ইয়াবাসহ বাশার আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫, রাজশাহী। অভিযানের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠার পর থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ এবং মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার (৯ মে) রাত ৯টা ৫০ মিনিটের দিকে চারঘাট থানার তাতারপুর ফৌজদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আক্কাসের মোড়ের দক্ষিণ পাশে শামসুল ইসলামের পুকুরপাড় সংলগ্ন বানেশ্বর থেকে শলুয়াগামী পাকা সড়কে অবস্থান নেয় র্যাব সদস্যরা।
এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে বাশার আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ হাজার ৪০০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
আটক বাশার আলী চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিলেন বলে আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৫।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত