
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:৫২ পি.এম
চিলমারীতে চরের মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কড়াই বরিশাল চরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের অংশগ্রহণে একটি প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন করা হয়। প্রকল্পটি অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং টেরেডেস হোমস (টিডিএইচ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তাদের সক্ষম করে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। স্থানীয় কিশোরী ও যুবতীরা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চলের মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘স্পিরিট’ প্রকল্পের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ছে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় মাহমুদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। উপস্থিত জনতা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উৎসবমুখর এই আয়োজন প্রমাণ করেছে, সঠিক সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে চরাঞ্চলের মেয়েরাও তাদের প্রতিভা বিকাশে সক্ষম এবং একদিন বৃহত্তর পরিসরেও নিজেদের তুলে ধরতে পারবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত