# চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারির কথা জানাল ৩৯ বিজিবি

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0/
- Published: 2026-11-22T15:27:28+06:00
- Author: Alamin NV

**মোঃ শাহ্ আলম:**

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গারোপাড়া 
এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯
বিজিবি)। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া এলাকা দিয়ে
চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। এ সংক্রান্ত গোপন তথ্যের
ভিত্তিতে রোববার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল 
দল। অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করতে সক্ষম হয় তারা।

বিজিবির বিজ্ঞপ্তিতে জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা উল্লেখ করা
হয়েছে।

৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো
ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব
পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর
অবস্থান ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এমন অভিযান অবৈধ পণ্য পাচার প্রতিরোধে
বাহিনীর তৎপরতারই প্রতিফলন।
