মো. জাহিদ হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
সংগঠনের বয়স যখন ১৪ বছর, দুর্গাপ্রতিমার উচ্চতাও তখন ১৪ ফুট! সংখ্যার এই মিলকে ঘিরেই এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন করেছে উদ্যোগী যুব সংঘ (উযুস)। প্রতিবারের মতো এবারও নতুনত্বের সন্ধানে থাকা সংগঠনটি এবার বেছে নিয়েছে বিশাল আকৃতির প্রতিমা। আয়োজকদের দাবি, ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় দুর্গাপ্রতিমাটি তৈরি করা হয়েছে তাদের মণ্ডপেই।
প্রতিমার অবয়ব গড়ে তুলতে মাটি, খড়, বাঁশ, কাঠ আর পাটের রশি নিয়ে টানা ১২ দিন কাজ করেছেন কারিগর তপন পাল। তপন পালের বাড়ি নেত্রকোণায়। প্রায় ১৮ বছর ধরে প্রতিমা গড়ছেন তিনি। ফুফার হাত ধরে এই শিল্পে আসা তপনের কাছে প্রতিমা তৈরি শুধু পেশা নয়, বংশপরম্পরায় বয়ে চলা এক শিল্পচর্চা।
তপন পাল বলেন, “প্রতিমা তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। প্রতিটি ধাপে সময় ও মনোযোগ দিতে হয়। বড় প্রতিমার ক্ষেত্রে সেই পরিশ্রমও বেড়ে যায়”।
উযুসের সভাপতি সুদীপ্ত সাহা অমিত বলেন, “প্রতিবারই আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এবার সংগঠনের ১৪ বছর পূর্তি। সেই ভাবনা থেকেই ১৪ ফুটের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। প্রতিমার পাশাপাশি মণ্ডপের সাজসজ্জাতেও বৈচিত্র্য আনা হয়েছে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক অজয় গৌড় জানান, “বড় প্রতিমাকে ঘিরে এবারের আয়োজন অন্যবারের চেয়ে আলাদা হবে। পূজাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাজসজ্জা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
১৩০ সদস্যের সংগঠনটির পক্ষ থেকে দর্শনার্থীদের ভিড় সামলাতে থাকবে স্বেচ্ছাসেবক দল। দর্শনার্থীদের জন্য বরাবরের মতো এবারও খিচুড়ি ও প্রসাদের ব্যবস্থা রাখা হচ্ছে।
বড় প্রতিমার খবর ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। স্থানীয় বাসিন্দা সুমন বণিক বলেন, “ফেসবুকে প্রতিমার খবর প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করেছেন”। দূরদূরান্তের দর্শনার্থীদের আগমন ঘিরে এবার পূজামণ্ডপে বাড়তি ভিড়ের প্রত্যাশা করছেন তাঁরা।
১৪ বছরের পথচলায় ১৪ ফুটের প্রতিমা—উযুসের কাছে এটি কেবল আকারের বড়ত্ব নয়, বরং আয়োজনকে স্মরণীয় করে রাখার এক আয়োজন। এখন সেই আয়োজন কতটা দর্শনার্থী টানতে পারে, সেদিকেই নজর আয়োজকদের।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA