
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি চালুর দাবিতে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভাষা শহীদ রফিক ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রকাশ করেন সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সম্পূরক বৃত্তির আবেদন কার্যক্রম শুরু করে নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।
সভাপতি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, “যমুনায় আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা দীর্ঘদিন অপেক্ষা করেছে, এবার দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জকসু নির্বাচন অনিবার্য। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্বাচন সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে দেয়াল লিখন, মানববন্ধন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা ইত্যাদি। এক সপ্তাহের মধ্যে প্রশাসন দাবিগুলো মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিবির সভাপতি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত