
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:৩৬ পি.এম
জবি শিক্ষার্থী আমিনুরের আবিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী আমিনুর রহমান নূর জটিল গাণিতিক হিসাবকে সহজ করার নতুন সূত্র আবিষ্কার করেছেন। পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর উদ্ভাবিত সূত্রটি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo-তে (১০ সেপ্টেম্বর, ২০২৫) প্রকাশিত হয়।
আমিনুরের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাওয়ালভাংগী গ্রামে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন আটুলিয়া আব্দুল কাদের স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম Our Math School-এ GRE Math পড়ান।
নিজের আবিষ্কার সম্পর্কে আমিনুর জানান, “২০০৯ সাল থেকে সূত্রটি নিয়ে কাজ করছি। সঠিকভাবে প্রকাশ করার উপায় না জানায় অনেকবার ব্যর্থ হয়েছি। দীর্ঘ সময়ের গবেষণা ও চেষ্টা-ব্যর্থতার পর অবশেষে ২০২৫ সালে এটি আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে পেরেছি।”
ছাত্রজীবন থেকেই গবেষণায় আগ্রহী আমিনুর। নবম শ্রেণিতেই প্রথম একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। কলেজে আরেকটি থিওরি তৈরি করেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তৈরি করেন ‘ইন্টারভাল টেবিল মেথড’। তবে আর্থিক সংকট ও পারিবারিক সমস্যার কারণে কিছু সময় গবেষণা থমকে যায়।
পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে দিনে চার থেকে ছয়টি টিউশনি করতে হতো তাকে। করোনাকালে টিউশনি বন্ধ হয়ে গেলে অনলাইনে পড়ানো শুরু করেন এবং চালু করেন Our Math School নামের ইউটিউব চ্যানেল। ২০২১ সালে তিনি প্রকাশ করেন ৬০০ পৃষ্ঠার বই Geometry for Competitive Exam, যদিও পর্যাপ্ত প্রচারণার অভাবে তা জনপ্রিয়তা পায়নি। পরে ২০২৪ সালে তৈরি করেন দেশের সবচেয়ে বড় GRE Math অনলাইন কোর্স, যেখানে রয়েছে ২৮১টি ভিডিও ও ৫০টির বেশি টেস্ট। কোর্সটি তৈরি করতে প্রায় ৩ লাখ টাকা ধার করতে হয়েছিল তাকে।
২০২৫ সালে প্রকাশিত গবেষণাপত্রে তিনি দেখিয়েছেন, কিভাবে ‘ইন্টারভাল টেবিল মেথড’ ব্যবহার করে পাওয়ার-সাম নির্ণয় করা যায়—যেখানে জটিল Bernoulli বা Stirling সংখ্যার প্রয়োজন নেই। গবেষকদের মতে, এ সূত্র কম্পিউটেশনাল ম্যাথমেটিক্সে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের জন্য বিষয়টি অনেক সহজ করবে।
আমিনুরের গবেষণা এখানেই সীমাবদ্ধ নয়। তিনি শিগগিরই আরও দুটি গবেষণাপত্র প্রকাশের পরিকল্পনা করছেন। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে পিএইচডি করার লক্ষ্যও রেখেছেন। তার ভাষায়, “এটাই আমার গবেষণার প্রথম সাফল্য। আশা করি, একদিন বাংলাদেশও বৈশ্বিক গবেষণায় বড় অবদান রাখবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত