প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৩:০৩ পি.এম

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৯ মে) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোর ক্রীড়াবিদদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেই উদ্যোগগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে উঠে আসা প্রতিভাবান শিশুরাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং অংশগ্রহণের মধ্য দিয়েই আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন রাজশাহীর ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা হবে। জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
রাজশাহীর ক্রীড়া অবকাঠামো উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে রাজশাহীর জাতীয় স্টেডিয়ামের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপন, সংস্কার কাজ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে। ভবিষ্যতে রাজশাহীতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেটসহ বড় বড় খেলার আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণের সময় শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ আটটি ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।