প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৪:৪৮ পি.এম
জলসীমান্তের নাফনদে মাইন বিস্ফোরণে যুবকের ‘পা’ উপড়ে গেছে

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী জলসীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।আহত বদি আলম (৪০) পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে বদি আলম আরও ২-৩ জনের সঙ্গে নাফ নদীতে মাছ ধরতে যান।
একপর্যায়ে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে আঘাত লাগে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এর আগে গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরেক ব্যক্তি আহত হন।
বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি আহত হয়েছেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA