সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান ‘জাতীয় গ্রন্থকেন্দ্র’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘তালোড়া নাগর গ্রন্থাগার’। ২০১৩ সালের ২ মার্চ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি স্থানীয় তরুণ সমাজকে বইমুখী করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির প্রসারে নিয়মিত বিভিন্ন মননশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি ও তালিকাভুক্তি সনদ প্রদান করা হয়। গ্রন্থাগারটি জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় তালোড়ার সাহিত্যপ্রেমী, পাঠক ও সুধীমহলে আনন্দের বন্যা বইছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের এই সরকারি তালিকাভুক্তির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সুদৃঢ় ও পরিধি বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালোড়া নাগর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন ইসলাম শাওন এক প্রতিক্রিয়ায় জানান, "জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত আমাদের তালোড়াবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। এই প্রাপ্তি আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা এই গ্রন্থাগারের মাধ্যমে আগামী প্রজন্মকে বইমুখী করা এবং একটি জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা আরও বেগবান করব।"
তালোড়া নাগর গ্রন্থাগার জাতীয় গ্রন্থকেন্দ্রের তালিকাভুক্ত হওয়ায় এর সাথে জড়িত সকল শুভানুধ্যায়ী, কবি, সাহিত্যিক, পাঠক ও এলাকাবাসীর পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA