

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি মেলায় অংশগ্রহণকারী স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটি, সিরাজগঞ্জের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ডাঃ নাজির আলী এবং সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ ফারিহা তাসনিম। এছাড়াও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম. রাজিব আলী।
সপ্তাহব্যাপী পুষ্টি মেলায় স্টল প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিভিল সার্জন অফিস (DpHN) রেখা রানী দে, খোকন মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (কামারখন্দ), আভিসিনা হাসপাতাল প্রাইভেট লিমিটেড (সিরাজগঞ্জ), জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, এবং জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রহমতগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ আরশি আদ্রিতা, দ্বিতীয় স্থান অধিকার করে হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মন চাকী এবং তৃতীয় স্থান অর্জন করে রহমতগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিমা তুজ জোহুরা।
উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত