
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক জাতীয় সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সকল সাংবাদিকের আস্থা—জাতীয় সাংবাদিক সংস্থা” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোসাম্মৎ আছিয়া আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মোঃ মনজুর হোসেন।
বক্তারা সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, নৈতিক সাংবাদিকতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সাংবাদিকদের কল্যাণ ও স্বার্থরক্ষায় কাজ করে যাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাবেশটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সংহতি আরও জোরদার করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন ঢাকা জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। অনুষ্ঠানে উপস্থিত দৈনিক নাগরিক ভাবনা’র সম্পাদক শেখ রিফান আহমেদ বলেন, আজ এই মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দাঁড়িয়ে আমি গভীর গর্ব ও আবেগ অনুভব করছি। কারণ আজ আমরা শুধু একটি অনুষ্ঠান আয়োজন করতে একত্রিত হইনি—আজ আমরা একত্রিত হয়েছি সত্য, দায়িত্ব এবং সাংবাদিকতার শক্তিকে উদযাপন করতে।দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা আজ যে আয়োজনটি করেছে—সাংবাদিক মিলন মেলা–২০২৫, এটি নিছক একটি মিলনমেলা নয়; এটি হলো সাংবাদিকদের ঐক্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের পথচলার এক শক্ত ভিত।
তিনি আরো বলেন, সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়। এটি একটি দায়িত্ব, একটি ব্রত। ঝড়-বৃষ্টি, চাপ-হুমকি, লোভ-ভয়—সবকিছুকে উপেক্ষা করে আমরা সত্যের পক্ষে দাঁড়াই। সমাজের আয়না হয়ে আমরা তুলে ধরি মানুষের কথা, রাষ্ট্রের বাস্তবতা এবং সময়ের দাবি। আজকের এই আয়োজনে বিশেষ সেমিনার আছে, মতবিনিময় আছে, নেটওয়ার্কিং আছে, সাংস্কৃতিক পরিবেশনা আছে, সম্মাননা আছে, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো আমাদের পারস্পরিক সংযোগ ও ঐক্য। কারণ আমরা জানি, একজন সাংবাদিক একা শক্তিশালী হতে পারে, কিন্তু একটি ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে গণমাধ্যমকে সত্যিকার অর্থে শক্তিশালী করতে। এই মিলনমেলা আমাদের নতুন করে ভাবতে শেখাবে, কিভাবে দায়িত্বশীল সাংবাদিকতা আরও জোরদার করা যায়, কিভাবে প্রযুক্তির যুগে সত্যকে আরও নির্ভুলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। আমি বিশ্বাস করি, আজকের এই আয়োজন আমাদের প্রত্যেককে নতুন অনুপ্রেরণা দেবে, নতুন স্বপ্ন দেখাবে এবং ভবিষ্যতের লড়াইয়ে আরও সাহসী করে তুলবে।
এই ব্যতিক্রমী আয়োজনের জন্য জাতীয় সাংবাদিক সংস্থাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি উপস্থিত সকল প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি, সত্যের পথে অবিচল থাকব, সাংবাদিকতার মর্যাদা রক্ষা করব এবং দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে গড়ে তুলব।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন এবং আয়োজক কমিটি প্রায় প্রত্যেককেই ২ মিনিট করে কথা বলার সুযোগ দেয়, যা নিঃসন্দেহে সকলের কাছে প্রশংসা পেয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত