

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের কানে টান, শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তারকে (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার বাসিন্দা মো. আফিক উল ইসলাম লেমন তার দুই কন্যা—আফনি ইসলাম (শ্রেণি ষষ্ঠ) ও আফিকা ইসলাম (শ্রেণি অষ্টম), যারা ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী—এর পক্ষে গত ২০ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পড়াশোনা করার পরও বিভিন্ন সময়ে প্রধান শিক্ষক বিল্লাহ ইসলাম, সহকারী শিক্ষক আবুল কাশেম ও সহকারী শিক্ষিকা মঞ্জু রাণী ছাত্রীদের কানে টান দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সামনেই অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগও করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, এসব আচরণ শিক্ষকদের শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থী এবং এতে ছাত্রীদের মানসিকভাবে বিপর্যস্ত হতে হয়েছে। একপর্যায়ে বিষয়টি সহ্য করতে না পেরে শিক্ষার্থীরা বাড়িতে বিষয়টি জানালে অভিভাবক সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে বাধ্য হন।
অভিযোগকারী মো. আফিক উল ইসলাম লেমন জানান,শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আমার সন্তানদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অভিযোগের অনুলিপি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত