প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:৩৩ পি.এম
ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকার একটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত করে বিক্রি করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।
পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA