
ঝালকাঠিতে হাম-রুবেলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলা সদর হাসপাতালে এখন পর্যন্ত হাম-রুবেলা সন্দেহে ৭৩ জন শিশু ও প্রাপ্তবয়স্ক রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৮ জন রোগী ভর্তি রয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় মোট ১৭৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ৯ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে এবং আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ মে) সকালে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাম-রুবেলার উপসর্গ নিয়ে আসা রোগীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি করছে।
হাসপাতালে ভর্তি এক শিশুর স্বজন জানান, হঠাৎ উচ্চ জ্বর, গলা ব্যথা ও চোখ লাল হয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা চারদিন চিকিৎসার পর বর্তমানে সে কিছুটা সুস্থ। একই ধরনের উপসর্গ নিয়ে আসা আরেক শিশুর পরিবার জানান, প্রাথমিকভাবে ফার্মেসি থেকে ওষুধ সেবন করানো হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন শিশুটি সুস্থতার পথে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭ জন রোগী বাড়ি ফিরেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে আলাদা চিকিৎসা ব্যবস্থা, পর্যাপ্ত ওষুধ মজুদ এবং বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে জ্বর, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও বলছে, হাম-রুবেলা অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় শিশুদের ঝুঁকি বেশি। তাই সময়মতো টিকাদান ও অভিভাবকদের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত