
গত কয়েকদিনের প্রবল বর্ষণে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতবাড়ি, হাটবাজার জলমগ্ন হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে নলকুড়া ইউনিয়নের গজারী পাড়া, বাকাকুড়া, মালিঝিকান্দা, গোহালিয়ার চর ও পোড়াগাঁও এলাকাগুলোর অবস্থা সবচেয়ে করুণ।
স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র একদিনের টানা বৃষ্টিতেই কাঁচা রাস্তাগুলো কাদায় পরিণত হয়েছে। মোটরসাইকেল কিংবা বাইসাইকেল নিয়ে চলাচল তো দূরের কথা, অনেক জায়গায় পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। স্কুলগামী শিশুদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। কোথাও আবার বসতবাড়িতে পানি ঢুকে গেছে।
নলকুড়া ইউনিয়নের গজারী পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, “এই গ্রামের রাস্তা স্বাধীনতার পর কখনো পাকা হয়নি। অল্প বৃষ্টিতেই চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। এবার টানা বৃষ্টিতে পুরো গ্রামই যেন কাদার মধ্যে ডুবে গেছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক উদ্যোগ নয়—টেকসই রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সরকারি নজরদারি একান্ত প্রয়োজন।
ঝিনাইগাতীর এই অবহেলিত জনপদে উন্নয়নের ছোঁয়া এখনও পৌঁছায়নি। প্রতিবছর বর্ষাকালে এমন দুর্দশার মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। তারা আজও আশা করে—একদিন হয়তো তাদের দুর্ভোগের অবসান হবে
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত