
মৃণাল চৌধুরী সৈকত: গাজীপুরের টঙ্গীতে পৃথক দুইটি পোষাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানা গেছে। অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন কারখানা কতৃপক্ষ।
১৪ জানুয়ারি ২০২৬ইং বুধবার সকালে টঙ্গী বিসিক শিল্প এলাকার এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এ্যাপারেলস লি. কারখানাগুলোতে এ ঘটনা ঘটেছে।
ব্রাভো এ্যাপারেলস লি. এর শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় সকাল থেকে কাজ শুরু করার পর হঠাৎ কারখানার ৫ম তলায় একটা দূর্গন্ধ পাওয়া যায়। এরপর থেকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করে। খবরটি ছড়িয়ে পরলে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
অপরদিকে, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লি. এর শ্রমিকরা জানান, দুই দিন আগে দুপুরের পর কারখানার বেশকিছু শ্রমিক অসুস্থ হয়ে পরলে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকালও কারখানাটির কয়েকটি ফ্লোর বন্ধ থাকে। বুধবার সকালে কাজ শুরু করার পর হঠাৎ করে আবারও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
পরে উভয় কারখানা থেকে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন কারখানা দুটির মালিকপক্ষ। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় অনেক অসুস্থ শ্রমিককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী বিভিন্ন বে-সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে উভয় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমে কোন প্রকার রাজী হননি।
তবে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লি. এর শ্রমিকরা জানান, দ্রুত বেতন-ভাতা পরিশোধের দাবীতে কারখানার শ্রমিকরা গত কয়েোকদিন যাবৎ আন্দোলন করে আসছে। এমতাবস্থায় পরপর দুদিন কারখানায় এ ঘটনা ঘটে।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা বলেন, হাসপাতালে আসা বেশীর ভাগ শ্রমিক প্যানিক এ্যাটাক জনিত কারণে অসুস্থ হয়ে পরেছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা ভুগছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, দুই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আাছে। কেন এমন ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত