
মৃণাল চৌধুরী সৈকত: গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ব্যবহার করে চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুর মহানগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরপরই “আলো জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচাল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন বলে জানা গেছে।
জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ফোন নম্বর থেকে “আলো জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র”-এর পরিচালকের ব্যক্তিগত নম্বরে কল করে পাপ্পু সরকারের পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ রয়েছে, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাময় কেন্দ্রের পরিচালক বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু জানান, এর আগেও প্রায় ৫ থেকে ৬ মাস আগে একইভাবে তার নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস কারখানা ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবির ঘটনা ঘটে। সে সময় বিভ্রান্তির সৃষ্টি হলে তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়।
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আবারও একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত