# টঙ্গীর গাজীপুরায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95/
- Published: 2026-11-25T14:53:36+06:00
- Author: Sankar Roy

**মৃণাল চৌধুরী সৈকত:**     গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় বিভিন্ন দাবিতে শ্রমিক
বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। মঙ্গলবার (২৪ 
নভেম্বর) বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করেন এবং একপর্যায়ে
গাজীপুরা এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ
করেন।
 প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বকেয়া বেতন-
ভাতাসহ বিভিন্ন দাবিতে স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে
তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা অংশে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয়
পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও সাধারণ 
মানুষ। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ গাজীপুরা ট্রাফিক পুলিশ বক্সে 
অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ বক্সের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ভেতরে
আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুলিশ বক্সটির ভেতরের অধিকাংশ মালামাল
পুড়ে যায়। এ সময় আশপাশের এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান আতঙ্কে বন্ধ হয়ে যায়। 
খবর পেয়ে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ, শিল্প পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার
চেষ্টা করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (
জিএমপি) ও শিল্প পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে
আনার চেষ্টা চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন বা কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে
নিরূপণ করা সম্ভব হয়নি।
