
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৪:১৩ পি.এম
ডাক্তার ,নার্স সংকটে বেহাল লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা খাত

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার , নার্স ও প্রয়োজনীয় জনবল সংকটের কারনে চিকিৎসা সেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রায় দেড় লাখ জনসংখ্যা অধ্যুষিত লামা উপজেলার জনসাধারনের চিকিৎসা সেবা গ্রহনের একমাত্র মাধ্যম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানান সংকটে পড়ে বর্তমানে খুড়িয়ে খুড়িয়ে চলছে। এর ফলে প্রত্যন্ত পাহাড়ী জনপদ থেকে চিকিৎসা সেবা নিতে আসা পাহাড়ী-বাঙ্গালী সেবা গ্রহীতারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে লামা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন এবং চকরিয়া উপজেলার বমু-বিলছড়ি ইউনিয়নের লোকজন সেবা গ্রহন করে থাকে। হাসপাতালের বর্হিঃবিভাগ এবং আন্তঃবিভাগে প্রতিদিন তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডেন্টাল সার্জনসহ মোট ২৩ জন ডাক্তারের স্থলে ১৫ জন ডাক্তারের পদই শূণ্য রয়েছে। তার মধ্যে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস্), জুনিয়র কনসালটেন্ট (নাক,কান,গলা ), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন রোগ) এর গুরুত্বপূর্ণ ডাক্তারী পদগুলো শূন্য রয়েছে। দুই জন মেডিকেল অফিসারের মধ্যে দু’টি পদই শূন্য। এছাড়া ৭ জন সহকারি সার্জনের মধ্যে ৫ টি পদ শূণ্য রয়েছে। ৩১ জন নার্সের মধ্যে ২১ টি পদই শূন্য আছে। অবশিষ্টদের মধ্যে ২ জন সিনিয়র স্টাফ নার্স চট্টগ্রাম ফৌজদার হাঁট নার্সিং কলেজে বিএসসি নার্সিং কোর্সে অধ্যয়নরত আছে। একজন রয়েছেন মাতৃত্ব ছুটিতে। বর্তমানে মাত্র ৭ জন নার্স দিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। মেডিকেল টেকনোলোজিষ্ট ল্যাব, রেডিওলজি, ডেন্টাল ও ফিজিওথেরাপি পদ দীর্ঘদিন ধরে শূন্য । এছাড়াও এ্যাম্বুলেন্স ড্রাইবারসহ বিভিন্ন পদ শূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা সেবা কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম এক প্রকার খুড়িয়ে খুড়িয়ে চলছে।অপরদিকে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’টি এক্সরে মেশিনই নষ্ট অবস্থায় পড়ে আছে। গত ২০২৩ সালে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় এক্সরে মেশিন দুটি নিমজ্জিত হলে অকেজো হয়ে পড়ে। অকেজো এক্সরে দুটি সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় বার বার পত্র দেয়ার পরেও কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। এর ফলে রোগীদের গুরুতর অসুস্থ অবস্থায় পাশ্ববর্তী চকরিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে এক্সরে করে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) এবং একজন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রুগীদের চিকিৎসা প্রদান করতে হিমসীম খাচ্ছেন। অসংখ্য রোগী লাইনে দাড়িয়ে চিকিৎসা পাওয়ার অপেক্ষা করছেন। দূর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ ও মহিলারা দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে হাফিয়ে গেছেন। অনেকে চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছেন। লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের জেসমিন আক্তার এসছেন তার শিশু বাচ্ছা এবং নিজের চিকিৎসা নিতে। তিনি জানান, মাত্র একজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। এর ফলে রোগীদের দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। লাইনে দাড়াতে দাড়াতে তিনি অসুস্থ্য বোধ করছেন। তাই লাইন ছেড়ে এসে টেবিলে বসে পড়েছেন। আন্তঃ বিভাগে ভর্তি রোগী মোঃ আনোয়ার হোসেন জানান, দু’দিন হয় হাসপাতালে ভর্তি হয়েছি। একজন ডাক্তারই বারবার চিকিৎসা দিচ্ছেন। ডাক্তার সংকট না থাকলে আরো ভালো চিকিৎ’সা সেবা পেতেন বলে তিনি জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নুর নাহার বেগম জানান, হাসপাতালে ৩১ জন নার্সের স্থলে মাত্র ৭ জন নার্স দিয়ে তিন বেলা শিফটিং ডিউটির মাধ্যমে আন্তঃবিভাগে ভর্তি রোগীদের সেবা প্রদান করা তাদের জন্য খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এখিং মারমা বলেন, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে মেডিকেল অফিসার, কনসালটেন্ট এবং সহকারি সার্জনের ১৫ টি পদ খালী রয়েছে। এছাড়া ৩১ জন নার্সের স্থলে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৭ জন। এর ফলে রোগীদের চিকিৎসা প্রদান করতে হিমসীম খেতে হচ্ছে। এছাড়া বিভিন্ন পদের মেডিকেল টেকনেশিয়ান, এ্যাম্বুলেন্স ড্রাইবারসহ অন্যান্য অনেক পদই শূন্য রয়েছে। ডাক্তার সংকট নিরসন, এক্সরে মেশিন সচল করন এবং এ্যাম্বুলেন্স ড্রাইভারের ব্যবস্থা করণসহ বিভিণœ বিষয়ে উর্ধতন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি শীঘ্রই এসকল সমস্যার সমাধান হবে।লামা উপজেলার পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগদান এবং প্রয়োজনীয় জনবল সংকট নিরসন করার দাবী জানিয়েছেন স্থানীয় সেবা গ্রহীতারা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত