
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৮:০৪ পি.এম
ডিমলা সিংগাহারা নদীর উপর ব্রিজ ডেবে যাওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহাড়া গ্রামে সিংগাহারা নদীর উপর নির্মিত ব্রিজটি ডেবে যাওয়ার ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। ব্রিজটির দুই পাশ ও মাঝখানে পানির স্তর এতটাই বেড়ে গেছে যে, এটি এখন কার্যত অপ্রবাহ্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় ছিল। সম্প্রতি অতিবৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির ফলে ব্রিজটি নিচু হয়ে গিয়ে ডেবে গেছে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষসহ হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষকে বাধ্য হয়ে কোমর পানি পেরিয়ে ব্রিজ পার হতে হচ্ছে।
একজন ভুক্তভোগী বাসিন্দা বলেন, “প্রতিদিন সাইকেল নিয়ে ব্রিজ পার হতে গিয়ে কষ্ট করতে হয়। শিশুরা স্কুলে যেতে ভয় পায়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।”
এলাকাবাসী অভিযোগ করেছেন, বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ ব্যাপারে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত