
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ১২:৪৪ পি.এম
ডিসির ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের অন্তর্ভুক্ত মহম্মদপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সিসি ক্যামেরার কার্যকারিতা, বিদ্যুৎ ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, ভোটগ্রহণ কক্ষের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিনোদপুর বি.কে মাধ্যমিক বিদ্যালয়, ঘুল্লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বৃহষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে গণভোট–২০২৬ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গণভোট–২০২৬ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা জেলা নির্বাচন অফিসার, থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত