নীলফামারী প্রতিনিধি: পূজার উৎসব আর এলাকাবাসীর একত্রিত হওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শাশুড়ির হাত ধরে মেলায় আসেন পুত্রবধূরা। আনন্দ, আড্ডা আর কেনাকাটায় মেতে ওঠেন সবাই। এভাবেই ১১৭ বছরের ঐতিহ্য ধরে নীলফামারীর ডোমার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বউ মেলা।
বুধবার (২১ অক্টোবর) দুর্গাপূজার দশমী উপলক্ষে উপজেলার বাগডোকরা নিমোজখানা মাঠে বসে এ মেলা। প্রায় ১১৭ বছর ধরে চলে আসা এই আয়োজন ঘিরে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনের সঙ্গে মেলায় আসেন বিভিন্ন বয়সী মানুষ। কেনাকাটার পাশাপাশি চলে আনন্দ-উল্লাস, আড্ডা ও পারিবারিক সৌহার্দ্য বিনিময়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলার প্রতিটি প্রান্ত।
মেলায় আসা গৃহবধূ সঞ্চিতা রানী বলেন, শাশুড়ির সঙ্গে প্রথমবারের মতো এ মেলায় এসেছেন তিনি। মেলা ঘুরে তাঁর খুব ভালো লেগেছে। বউ-শাশুড়ি মিলে একে অপরকে বিভিন্ন জিনিস কিনে দিয়েছেন।
মহাদেব রায় বলেন, প্রতিমা বিসর্জনের দিনে এমনিতেই মন খারাপ হয়ে যায়। তবে এ ধরনের আয়োজনে পরিবার নিয়ে আসতে পেরে তাঁর খুব আনন্দ লাগছে। পরিবারের সদস্যদের সঙ্গে কেনাকাটা, খাওয়াদাওয়া এবং পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পেরে তিনি খুশি।
নিমোজখানা সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের সভাপতি মনহর চন্দ্র রায় বলেন, পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১১৭ বছর ধরে এখানে এ মেলা হয়ে আসছে। বউ মেলার মাধ্যমে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ তৈরি হয়। মেলাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করছে।
১১৭ বছরের ঐতিহ্য, আনন্দ-উৎসব আর পারিবারিক বন্ধনের আবহে বাগডোকরা নিমোজখানার এ বউ মেলা আজও ধরে রেখেছে তার স্বতন্ত্র পরিচয়। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে এ আয়োজনের আনন্দ, আরও দৃঢ় হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA