প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ১০:৫০ এ.এম
তালোড়ায় মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বাংলা সাহিত্যের নবজাগরণের পুরোধা ও মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম প্রয়াণ দিবস দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় মহাকবির সাহিত্য দর্শন নিয়ে আলোচনা করেন, সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আফজাল হোসেন, মোঃ ইয়াছিন হোসেন, দিনেশ চন্দ্র শীল, মোঃ আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, মোঃ আব্দুল মজিদ হারুন ও আহসান হাবিব। বক্তারা বলেন, ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন এই মহাকবি। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, সনেট ও আধুনিক নাটকের সূচনা করেন।
তার ‘মেঘনাদবধ কাব্য’ বিশ্ব সাহিত্যে এক অনন্য সৃষ্টি। বক্তারা আরও উল্লেখ করেন, মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় ও বেদনাঘন। খ্রিস্টধর্ম গ্রহণ, বিদেশে বসবাস ও চরম অর্থকষ্টের মধ্যেও তিনি বাংলা সাহিত্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। নতুন প্রজন্মকে মধুসূদনের সাহিত্যকর্ম পাঠ ও চর্চার আহ্বান জানান বক্তারা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA