প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৫০ পি.এম
দল থেকে বহিষ্কার বিএনপি নেতা মশিউর রহমান মশি

শাকিল আহম্মেদ: রাজধানীর খিলক্ষেতে সরকারি জমি দখল, অস্থায়ী দোকান বসিয়ে চাঁদা আদায়সহ নানা অভিযোগে আলোচনায় থাকা খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশি-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের এক আদেশে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে বিভিন্ন গণমাধ্যমে খিলক্ষেতে রেলওয়ের সরকারি জমি, রাস্তা ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানো, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং একটি সিন্ডিকেট পরিচালনার অভিযোগে মশিউর রহমান মশির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ তুলে ধরা হয় যে, তার অনুসারীরা সরকারি জায়গা দখল করে মৌসুমি আমের আড়ত, গণশৌচাগারসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ এবং নিয়মিত চাঁদা আদায় করছিল।
সেই সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান মশি অভিযোগ অস্বীকার না করে বলেন, "পারলে নিউজ করে দেন, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নেই।"
এদিকে বহিষ্কারের চিঠিতে অভিযোগের বিস্তারিত উল্লেখ না থাকলেও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
দলীয় এ সিদ্ধান্তের পর খিলক্ষেতে সরকারি জমি দখল ও চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA