

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)- এর উদ্যোগে আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি অধ্যাপক সাদাকাত আলী খান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে দিনাজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ সাংবাদিক অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জিলহাজ উদ্দিন নিপুণ ও ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: বাহারাম খান।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নির্বাচন রিপোর্টিংয়ের প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় তুলে ধরা, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া এবং নির্বাচন প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব জোরালোভাবে উপস্থাপন করা।
আলোচনা সভায় বক্তব্য প্রদান, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, অভিমত গ্রহণ ও মক সেশনের মাধ্যমে পরিচালিত এ কর্মশালার লক্ষ্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানসম্মত ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রতিবেদন তৈরিতে প্রতিবেদকদের সক্ষম করে তোলা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত