

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষীমন্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতি ও জোড়া খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটে গত ৮ জুলাই দিবাগত রাতে। নিহতরা হলেন গ্রামের প্রবীণ বাসিন্দা মোঃ আফতাব উদ্দিন এবং তার পুত্রবধূ রিভা বেগম।
ঘটনার পর ১০ জুলাই নিহত আফতাব উদ্দিনের কন্যা তহমিনা বিবি দুপচাঁচিয়া থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন (মামলা নং-০৮, ধারা ৩৯৪/৩০২/৩৪)। মামলার তদন্তে নামে বগুড়া ডিবি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মোঃ রাকিব হোসেন।
৮ জুলাই রাত ১০টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবীণ আফতাব উদ্দিনের বাড়িতে ঢুকে তার শয়নকক্ষের দরজায় কড়া নাড়ে। দরজা খোলামাত্রই তাকে লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেয় এবং হাত-পা বেঁধে মুখে শাড়ি গুঁজে শ্বাসরোধে হত্যা করে। এরপর দুর্বৃত্তরা তার পুত্রবধূ রিভার কক্ষেও প্রবেশ করে তাকেও একই কায়দায় হত্যা করে। ছোট্ট শিশু রুকাইয়া তাসনিম মালিহা সেই মুহূর্তে মায়ের সঙ্গে ঘরে থাকলেও দুর্বৃত্তদের হুমকিতে ভয়ে চোখ বন্ধ করে থাকে এবং প্রাণে বেঁচে যায়। হত্যাকাণ্ডের পর ঘরে থাকা স্বর্ণালংকার ও ৬ লাখ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
১৪ জুলাই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে ডাকাত দলের নেতা মোঃ আব্দুল হাকিম (৩৪) এবং তার সহযোগী মোঃ আব্দুল মান্নান (৫০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২ জোড়া সিটি গোল্ড চুড়ি, ২টি আংটি, নগদ ৭,৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
পরদিন ১৫ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর জামাল গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডাকাত দলের আরেক সদস্য মোঃ রফিকুল ইসলামকে (৪১)।
গ্রেপ্তার হওয়া আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আফতাব উদ্দিনের সেচ পাম্পে কাজ করতেন আসামি আব্দুল মান্নান। অসৎ কার্যকলাপে যুক্ত থাকায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ কারণেই প্রতিশোধ নিতে তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন এবং ডাকাত সর্দার হাকিম ও অন্যদের নিয়ে হামলা চালান।
ডাকাত সর্দার হাকিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও জুয়াসহ সাতটির বেশি মামলা রয়েছে। রফিকুল ইসলামের বিরুদ্ধেও চুরি ও মাদকের অন্তত দুইটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বগুড়া ডিবি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত