
ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টার দিকে দেওয়ানগঞ্জ বাজারস্থ ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায়।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিকাপুর (গার্লস স্কুল রোড) এলাকার ব্যবসায়ী মোঃ শাহিন মাহামুদ (৪০) পিতা মৃত আজাহার আলী, দেওয়ানগঞ্জ, জামালপুর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় ওত পেতে থাকা হযরত আলী (৪২) পিতা মৃত মফিজল, কালিকাপুর বাজারীপাড় পূর্ব শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, আসামি হযরত আলী শাহিন মাহামুদের গেঞ্জির কলার ধরে এলোপাতারি মারপিট করে তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে এবং পকেটে থাকা ব্যবসায়িক নগদ ২৭,০০০ টাকা ছিনিয়ে নেয়।
এসময় শাহিন মাহামুদের চিৎকারে স্থানীয় উজ্জল হোসেন (৩৩) ও বিল্লাল হোসেন (৩৪) এগিয়ে আসলে আসামি তাদের ওপরও হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, হযরত আলী ১নং সাক্ষী উজ্জল হোসেনের ডান হাতে কামড়ে রক্তাক্ত জখম করে এবং ২নং সাক্ষী বিল্লাল হোসেনকে এলোপাতারি মারধর করে ফেলে দেয়, এতে তার ডান হাতের কনুইয়ে রক্তাক্ত জখম হয়।
পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামি প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতরা দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।
ব্যবসায়ী শাহিন মাহামুদ জানান, আসামি দীর্ঘদিন ধরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। ব্যর্থ হয়ে সে আমার ওপর হামলা চালায়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত