
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ১২:২৫ পি.এম
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান সেতু ধস : নিহত ৩ শিশু

আব্দুল আওয়াল : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত ভাসমান সেতু ধসে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটিতে অতিরিক্ত লোকসমাগম হওয়ায় হঠাৎ করেই এটি ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে যান। তাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন নিখোঁজ হয়ে পড়েন।
পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে এক ছেলে শিশু ও দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— মায়া মনি (১০), পিতা জয়নাল আবেদীন, গ্রাম ডাকাতিয়া পাড়া; খাদিজা আক্তার (১২) ও মো. মোতালেব হোসেন (৬), পিতা শের আলী, গ্রাম ঝালুরচর, থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর।
নিহতরা সবাই শিশু বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত