প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৬:১২ পি.এম

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর উপজেলা শাখা গঠনের লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিনিয়র সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং সাংবাদিক শফিউল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, বিএমএসএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, কমিটির কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহসভাপতি মো. মনোয়ার হোসেন ও মো. আব্দুল আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক আক্কাছ আল মাহমুদ হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, “আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। শুধুমাত্র কথার ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকতা পেশার উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজকালের খবর-এর দেবিদ্বার প্রতিনিধি এ আর আহমেদ হোসাইন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীব, দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি ফারুক হোসাইন জনি, ঢাকা নিউজ-এর প্রতিনিধি এ কে এম মিজানুর রহমান কাউছার, ডা. মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন এবং অ্যাডভোকেট আনিসুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাহিদ হাজারী। গীতা পাঠ করেন ভজন সাহা। পরে জাতীয় সংগীত ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সভা শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ২১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি এ আর আহমেদ হোসাইনকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য পদধারীরা হলেন—সহসভাপতি ময়নাল হোসেন (ভিপি), দৈনিক মুক্ত খবর; যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাজারী, দৈনিক জবাবদিহি; সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন জনি, দৈনিক ইনকিলাব; সহসাংগঠনিক সম্পাদক এম এ হালিম, দৈনিক বাংলার আলোড়ন; দপ্তর সম্পাদক মনির মোশাররফ, দৈনিক নাগরিক ভাবনা; অর্থবিষয়ক সম্পাদক ডা. মো. শাহিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম মিজানুর রহমান কাউছার, ঢাকা নিউজ; তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিক্ষক মো. শাখাওয়াত হোসেন; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. শাহ জালাল; শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক; পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দিন প্রতিদিন; মামলা ও নির্যাতন মনিটরিং সেলের দায়িত্বে বিল্লাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার; এবং জরুরি সহায়তা ও চিকিৎসাবিষয়ক দায়িত্বে ডা. মাসুদ হাসান।
নির্বাহী সদস্য করা হয়েছে আব্দুল আউয়াল, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এবং আব্দুল আলিম, ফেইস দ্য পিপল নিউজ-এর প্রতিনিধিকে।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন এম.জে.এ মামুন, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক নাগরিক ভাবনা; রাসেল সরকার, দৈনিক মানবজমিন; এবং মামুনুর রশীদ, দৈনিক খবরের আয়না।
নবগঠিত কমিটির সদস্যরা দেবিদ্বারে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষা, নির্যাতন-হয়রানির ঘটনায় সহযোগিতা এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করবেন বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।