
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৯:৩৩ এ.এম
ধানের শীষের জয় নিশ্চিতের অঙ্গীকার

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার দুই গুরুত্বপূর্ণ আসন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) এবং কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) জাতীয় সংসদ নির্বাচনে দলগতভাবে ঐক্যবদ্ধ থেকে লড়াই করার ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। নির্বাচনী মাঠে সমন্বিত ও সাংগঠনিকভাবে কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনে বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার পরামানিক।
বৈঠকে নেতারা বলেন, দলীয় সকল মতপার্থক্য ভুলে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করাই এখন মূল লক্ষ্য। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীদের পাশে থেকে মাঠে থাকতে হবে। নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি সুসংহত করার আহ্বানও জানানো হয়।
বৈঠক শেষে নেতারা বিশ্বাস প্রকাশ করেন, ঐক্যবদ্ধ বিএনপি আগামীর নির্বাচনে কুষ্টিয়ার দুই আসনেই ফলাফল নিজেদের পক্ষে আনতে সক্ষম হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত