
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ২:০৬ পি.এম
নওগাঁয় প্রবাহ কোচিংয়ের প্লে শ্রেণীর ক্লাস পার্টি-২০২৫

নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশ হাট নওগাঁয় অবস্থিত প্রবাহ প্রি-ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুল-এর অঙ্গপ্রতিষ্ঠান প্রবাহ কোচিংয়ের প্লে শ্রেণীর ক্লাস পার্টি–২০২৫ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে প্রবাহ কোচিংয়ের প্লে শ্রেণীর নিজস্ব শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মায়েদের উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। ছোট্ট সোনামণিদের কোলাহল, হাসি আর আনন্দে পুরো শ্রেণিকক্ষটি যেন উৎসবে পরিণত হয়। প্লে শ্রেণীর হুমায়রা ইসলাম, হুজাইফা আয়াশ, সামিউল ওয়ান, সামিউল টু, নাফিউল, মোহাম্মদ সাদ, রিজভান, অর্পিতা সরকার, অধিশ্রী সরকার প্রমুখ শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে প্লে শ্রেণীর শিক্ষক মিলন চন্দ্র দেবনাথ এবং তিনজন শিক্ষিকা যথাক্রমে ইশরাত শারমিন, মাহফুজা আক্তার (বুলি ম্যাডাম) ও যুথী রানী সরকার কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানান এবং শিশুদের সঠিক নৈতিকতা ও মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিকতা, নিষ্ঠা ও যত্নে সন্তানদের বেড়ে ওঠার দৃশ্য দেখে অভিভাবকগণ অত্যন্ত আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। শিশুরা একে অপরের সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠে, গানে-হাসিতে কেটে যায় পুরো সময়টি। অভিভাবক-মায়েরাও তাঁদের সন্তানদের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি আনন্দের সাথে উপভোগ করেন। এটি ছিল ২০২৫ খ্রিস্টাব্দের প্লে শ্রেণীর শেষ ক্লাস। স্মরণীয় করে রাখতে অভিভাবকবৃন্দের উদ্যোগে আয়োজিত আপ্যায়ন পর্বে সকলকে পরিবেশন করা হয় ছানার মিষ্টি, নওগাঁ জেলার বিখ্যাত প্যারা সন্দেশ ও কেক এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রত্যেককে একটি করে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিকাল ৪টা ১৫ মিনিটে আনন্দঘন এই ক্লাস পার্টির সমাপ্তি ঘোষণা করা হয়। শিশুদের মুখে হাসি আর অভিভাবকদের চোখে তৃপ্তির ঝিলিক—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে প্রবাহ কোচিং পরিবারের জন্য একটি স্মরণীয় মুহূর্ত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত