
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ১০:০০ পি.এম
নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলার সুপারীপট্টিতে সাধারণ ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে শনিবার (২৮ জুন ২০২৫) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নওগাঁ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জনগণ একটি ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের যে অধিকার ও স্বাধীনতা থাকার কথা, তা আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই অবস্থায় বিএনপি ৩১ দফা রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা ঘোষণা করেছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার একটি বাস্তবসম্মত রূপরেখা।”
এসময় তিনি আরও বলেন, “৩১ দফা কেবল একটি রাজনৈতিক দলীয় প্রস্তাব নয়; এটি একটি ভবিষ্যৎমুখী, দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার রূপরেখা। যেখানে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে ভোটগ্রহণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দলীয় প্রভাবমুক্ত করা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী কমিশন গঠন, গুম-খুনের বিচার নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার সুস্পষ্ট পরিকল্পনা।”
মাসুদ হাসান তুহিন বলেন, “যে রাষ্ট্রে জনগণ ভোট দিতে পারে না, কথা বলতে পারে না, সেখানে গণতন্ত্রের কথা বলা অর্থহীন। আমাদের এই রূপরেখা বাস্তবায়নই পারে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমরা কারও বিরুদ্ধে নয়, বরং মানুষের পক্ষে, তাদের অধিকার ও মর্যাদার পক্ষে রাজনীতি করি।”
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির রহমান (সোহাগ)। তিনি বলেন, “একটি রাষ্ট্র তখনই টিকে থাকে যখন জনগণের মত প্রকাশের অধিকার থাকে, বিচার ও নিরাপত্তা থাকে। বর্তমান সময়ে সেই সব অধিকার হারিয়ে ফেলেছে মানুষ। বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা একটি সময়োপযোগী ও সাহসী উদ্যোগ, যা দেশের সামগ্রিক পরিস্থিতি পাল্টে দেওয়ার ভিত্তি তৈরি করতে পারে।”
সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী, শ্রমিক, যুব সমাজ ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, বর্তমান সময়ের ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ প্রয়োজন। সভাস্থলে তারেক রহমান, খালেদা জিয়া ও অন্যান্য শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানার টানানো হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
সভা শেষে বক্তারা বলেন, বিএনপির এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের প্রতিটি নাগরিক যেন ন্যায্য অধিকার পায়, নিরাপদে কথা বলতে পারে এবং ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে পারে—এই লক্ষ্য নিয়েই বিএনপির রাজনীতি আজ নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত