
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪৫ পি.এম
নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা

সোহাগ ইসলাম,স্টাফ রিপোর্টার,মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় নামিদামি ইমপোর্টেড ব্র্যান্ডের নকল মেডিকেটেড সাবান বিক্রির দায়ে ‘সীমান্ত মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের কে এম লতীফ মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফার্মেসিটি ‘বায়োটেক কর্পোরেশন’ নামের একটি সুপরিচিত ইমপোর্টেড কোম্পানির দুটি মেডিকেটেড সাবানের নকল সংস্করণ বিক্রি করে আসছিল।
নকল পণ্যগুলোর মধ্যে ছিল ‘Silkin P Soap’, যা স্ক্যাবিসসহ বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত পারমিথ্রিনযুক্ত সাবান, এবং ‘Kiton Soap’, যা অ্যালার্জি ও ছত্রাকজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত কিটোকোনাজলযুক্ত সাবান।
অভিযানে আরও দেখা যায়, আসল পণ্যের মোড়ক ও ডিজাইন হুবহু নকল করে এসব সাবান বাজারজাত করা হচ্ছিল। ফলে সাধারণ ক্রেতারা আসল ভেবে এসব নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছিলেন এবং স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫(ক) ধারা অনুযায়ী ‘সীমান্ত মেডিকেল হল’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফার্মেসি থেকে ৩১টি নকল পণ্য জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, “ওষুধের মতো সংবেদনশীল পণ্যে ভেজাল বা নকল করা গুরুতর অপরাধ। অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ওষুধ বা পণ্য কেনার আগে মোড়ক, মেয়াদ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য ভালোভাবে যাচাই করা উচিত।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত