
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট হলের পোর্চের ঢালাই করার সময় ধসে পড়ে ১০ জন শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার সময় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পূর্বপাশে নির্মানাধীন ছাত্র হলে দুর্বল খুটির কারণে ভবনের পোর্চের ছাদ ঢালাই চলাকালীন সময়ে ভে'ঙে পরে নির্মাণাধীন কাঠামো। এতে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জন শ্রমিকে গুরুতর আহত অবস্হায় ত্রিশাল উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জের অধিবাসী বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের কাঠামোতে লোহার পাইপের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ ও পাটের চিকন দড়ি। এছাড়াও খুটি গুলোতে ব্যবহার করা হয়েছে চিকন রড। প্রকল্পের এমন দায়িত্বহীনতায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ নিয়ে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, বিদ্রোহী হলে আমি শুয়ে ছিলাম এমন সময়ে বিকট একটা শব্দ হয়। এসময় বেলকনিতে বের হয়ে দেখি পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে। তৎক্ষণাৎ দৌড়ে এসে দেখি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এস এম জিয়াউল বারী বলেন, আহত অবস্থায় ১১ শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত - পূর্বক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান কে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের এবং প্রকল্প পরিচালকে সৈয়দ মোফাছিরুল ইসলাম এর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা উভয়ই ফোন রিসিভ করেননি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত