
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ২:৪৮ পি.এম
নতুন সরকারের শপথ ও সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা
![]()
।। জেমস আব্দুর রহিম রানা ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছে। দেশের জনগণ ও রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন এক নজরে নজর রাখছেন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং নতুন সরকারের সম্ভাব্য রূপরেখার দিকে।
নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সম্ভাবনা জোরালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি দলকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং দেশের মানুষকে নতুন সরকারের জন্য আশাবাদী করে তুলেছেন।
সম্ভাব্য মন্ত্রিসভার গঠন বিষয়ে দলীয় সূত্র বলছে, অভিজ্ঞ নেতৃত্ব এবং তরুণ, দক্ষ পেশাজীবীদের সমন্বয় ঘটিয়ে একটি কার্যকরী ও সংক্ষিপ্ত মন্ত্রিসভা গঠন করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে প্রতিরক্ষা খাতের দায়িত্ব নিজের হাতে রাখার সম্ভাবনা রয়েছে। বিমান ও পর্যটন খাতের দায়িত্ব নিতে পারেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বে থাকছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
গৃহায়ণ ও গণপূর্তের দায়িত্বে থাকতে পারেন মির্জা আব্বাস। তথ্য ও সম্প্রচার খাতের নেতৃত্বে থাকবেন আব্দুল মঈন খান। বস্ত্র ও পাট খাতের দায়িত্বে যেতে পারেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্ভাব্যভাবে থাকবে আব্দুল আওয়াল মিন্টু–এর তত্ত্বাবধানে। বাণিজ্য খাতের দায়িত্বে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। জন প্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্যভাবে সালাহউদ্দিন আহমদ–এর তত্ত্বাবধানে।
অর্থনৈতিক নীতিমালার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন ড. রেজা কিবরিয়া। কৃষি খাতের উন্নয়নের দায়িত্বে থাকতে পারেন ইকবাল হোসেন মাহমুদ টুকু। ডাক ও টেলিকম খাতের দায়িত্বে যেতে পারেন আমান উল্যাহ আমান। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন ব্যারিস্টার নওশাদ জামির। শিক্ষা খাতের নেতৃত্বে আছেন এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষার দায়িত্বে থাকতে পারেন শামা ওবায়েদ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতের দায়িত্বে আছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। এলজিআরডি ও স্থানীয় সরকার বিষয়ক দায়িত্বে থাকতে পারেন রুহুল কুদ্দুস তালুকদার।
যুব ও ক্রীড়া খাতের দায়িত্বে আছেন নিতাই রায়, মহিলা ও শিশু বিষয়ক দায়িত্বে সানজিদা ইসলাম তুলি। ধর্ম মন্ত্রণালয় হতে পারে মোফাজ্জল হোসেন কায়কোবাদ–এর নেতৃত্বে। পানি সম্পদ খাতের দায়িত্বে আছেন লুৎফুজ্জামান বাবর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক দায়িত্বে থাকতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। মৎস ও জলসম্পদ খাতের দায়িত্বে থাকবেন জয়নুল আবেদীন ফারুক এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে পারে ফজলুর রহমান–এর তত্ত্বাবধানে। নৌপরিবহন খাতের নেতৃত্বে আছেন নুরুল হক নুরু, রেলপথ ও অবকাঠামো খাতের দায়িত্বে থাকতে পারেন আন্দালিব পার্থ এবং ভূমি ও ভূমি সংস্কার খাতের দায়িত্বে থাকতে পারেন জোনায়েদ সাকি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের দায়িত্বে থাকতে পারেন হাবিবুর রশীদ। বিজ্ঞান, প্রযুক্তি ও টেকনোক্র্যাটিক খাতের দায়িত্বে যেতে পারেন মাহদী আমিন এবং পরিকল্পনা মন্ত্রণালয় হতে পারে ববি হাজ্জাজ–এর তত্ত্বাবধানে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় হতে পারে আজিজুল বারি হেলাল–এর নেতৃত্বে। সংস্কৃতি খাতের দায়িত্বে আছেন শিমুল বিশ্বাস। শ্রম ও কর্মসংস্থান খাতের দায়িত্বে আছেন হুম্মাম কাদের।
মন্ত্রিসভার এই সম্ভাব্য রূপরেখা নতুন সরকারের লক্ষ্য ও কৌশল প্রতিফলিত করছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও তিনটি আসনের ফলাফল এখনও অনিষ্পন্ন, তবুও ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ ইতিমধ্যেই দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশের জনগণ এখন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার আনুষ্ঠানিক ঘোষণার দিকে মনোযোগী, যা আগামী দিনে সরকারের কার্যক্রম এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা স্থির করবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত